কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তিন ব্যক্তি মোটরসাইকেলে করে জেলা কারাগারের সামনে আসে। পরে সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে তারা। বিস্ফোরণের পরপরই মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
ঘটনার পর পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের চলাচলের তথ্য জানার চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভোর ৫টার দিকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি সড়ক থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।