দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় মোট ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে তাঁরা দায়িত্ব পালন করছেন।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি প্রতিশ্রুতিবদ্ধ।