অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নির্বাচনে জয় পেয়েছে মধ্য-ডানপন্থি লিবারেল-ন্যাশনাল জোট। এর মধ্য দিয়ে রাজ্যটিতে দীর্ঘ ১২ বছরের লেবার পার্টির শাসনের অবসান ঘটেছে। অন্যদিকে, অভিবাসনবিরোধী ওয়ান নেশন পার্টিও নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি।
রাজ্যটির ৮৮ আসনের নিম্নকক্ষে অন্তত ৪৯টি আসনে জয় পেয়েছে লিবারেল-ন্যাশনাল জোট। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসির পূর্বাভাস অনুযায়ী, ভোট গণনা চলার মধ্যেই জোটটির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।
এ জয়ের মধ্য দিয়ে ৩৬ বছর বয়সী লিবারেল পার্টির নেতা জেস উইলসন ভিক্টোরিয়ার প্রথম নির্বাচিত নারী মুখ্যমন্ত্রী এবং রাজ্যটির সবচেয়ে কম বয়সী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।
জয়ের পর উইলসন বলেন, রাজ্য পরিচালনার বর্তমান পদ্ধতি নিয়ে ভিক্টোরিয়ার মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁরা নতুনভাবে শুরু করতে চান বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, এবারের নির্বাচনে লেবার পার্টি মাত্র পাঁচটি আসনে জয় নিশ্চিত করতে পেরেছে। আগের নির্বাচনে দলটি ৫৪টি আসন পেয়েছিল। এবিসির তথ্য অনুযায়ী, এবারের ফল লেবার পার্টির ইতিহাসে সবচেয়ে খারাপ হতে পারে। তবে তখনো ২৬টি আসনের ফল অনিশ্চিত ছিল। বামপন্থি গ্রিনস পার্টি পেয়েছে সাতটি আসন।
ভিক্টোরিয়ার এই নির্বাচনী ফল অস্ট্রেলিয়ার বৃহত্তর নিউ সাউথ ওয়েলস রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের লেবার নেতৃত্বাধীন প্রশাসনের জন্যও সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। একই ধরনের অর্থনৈতিক চাপের মধ্যে শিগগিরই এসব জায়গায় নির্বাচন হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে অভিবাসনবিরোধী ওয়ান নেশন পার্টিও বড় ধরনের সাফল্য পায়নি। এবিসির পূর্বাভাস অনুযায়ী, দলটি মাত্র একটি আসন পেতে পারে।
১৯৯৭ সালে রাজনীতিক পলিন হ্যানসনের প্রতিষ্ঠিত ওয়ান নেশন পার্টি গত এক বছর জনমত জরিপে এগিয়ে ছিল। বাড়িভাড়া ও আবাসন ব্যয়, অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে মানুষের অসন্তোষকে কাজে লাগিয়ে সমর্থন বাড়ানোর চেষ্টা করেছিল দলটি।
২০২৫ সালের কেন্দ্রীয় নির্বাচনে রক্ষণশীল জোটের পরাজয়ের পর ওয়ান নেশন নিজেদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি এবং যুক্তরাজ্যের রিফর্ম ইউকের আদলে তুলে ধরার চেষ্টা করে।
এবার ভিক্টোরিয়ার ৮৮টি আসনেই প্রার্থী দিয়েছিল দলটি। ২০২২ সালের নির্বাচনে তারা মাত্র পাঁচটি আসনে প্রার্থী দিয়েছিল। এবারের নির্বাচনে সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা জানিয়েছিল ওয়ান নেশন।
তবে দলটির নেতা পলিন হ্যানসন বলেন, লেবার ও গ্রিনস পার্টিকে রাজ্য থেকে বিদায় করাই ছিল তাঁর লক্ষ্য এবং তাঁরা সেই লক্ষ্য অর্জন করেছেন। ভিক্টোরিয়ায় দলের নেতা ওয়ারেন পিকারিংয়ের পাশে দাঁড়িয়ে এ মন্তব্য করেন তিনি। যদিও এবিসির পূর্বাভাস অনুযায়ী, পিকারিং নিজ আসনেই পরাজিত হতে যাচ্ছেন।
অন্যদিকে, লেবার পার্টির পরাজয়ের পেছনে দীর্ঘদিনের শাসনামলে তৈরি হওয়া বিভিন্ন অসন্তোষের বিষয় সামনে এসেছে। কোভিড-১৯ মহামারির সময় মেলবোর্নে বিশ্বের দীর্ঘতম নগর লকডাউন কার্যকর করেছিল দলটির সরকার। এতে একাংশ ভোটারের মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস তৈরি হয়। পাশাপাশি রাজ্যটির ঋণের পরিমাণও অস্ট্রেলিয়ার মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
পরাজয়ের পর ভিক্টোরিয়ার মুখ্যমন্ত্রী বেন ক্যারল বলেন, রাজ্যের মানুষ তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তাঁদের বার্তা স্পষ্ট—তাঁরা পরিবর্তন চান। নির্বাচনে আসন হারানো লেবার নেতাদের মধ্যে তিনিও রয়েছেন।