শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে নাওডোবা এলাকায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফিজউদ্দিন সিপাহির ছেলে ইব্রাহিম সিপাহি (৩৫) এবং মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দাদন মৃধার ছেলে নিজাম মৃধা (৪৫)। জানা গেছে, তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের মিছিলে অংশ নিতে গিয়ে নিজাম মৃধা গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। অন্যদিকে, একই এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইব্রাহিম সিপাহি। শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, ইব্রাহিম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তাঁরা আওয়ামী লীগের মিছিল প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা এলাকা ছেড়ে সরে যান।
এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বর এলাকায় ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং আরেকটি খাবারের হোটেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ সময় মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করতে নেতাকর্মীদের নির্দেশ দিতে দেখা যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু-সংলগ্ন এলাকায় ঘটেছে। তবে নিহত ব্যক্তির বাড়ি শিবচরের কুতুবপুরে। ভোরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি শুনেছেন।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেছিলেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হন বলে প্রাথমিকভাবে জানা যায়।