মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দফায় দফায় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।
উপজেলার মাছ বাজার গোলচত্বর এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে মাছ বাজার গোলচত্বর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান হয়।
এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় দফায় দফায় হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১১টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের পক্ষে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে হামলা চালান।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।