চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। প্রায় এক সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন জুনিয়রের সঙ্গে বসেছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের মো. রাকিন নামে এক শিক্ষার্থী তাঁদের একজনকে ডাকেন। তবে ভৈরব বর্মণ জুনিয়রদের তাঁর কাছে না যাওয়ার পরামর্শ দেন। এ নিয়ে ভৈরবের সঙ্গে রাকিনসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়।
বিরোধ মীমাংসার জন্য শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনায় বসেন। সেখানে দুই পক্ষের শিক্ষার্থীরাই উপস্থিত ছিলেন। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়।
এতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের মো. বায়েজিদ এবং যন্ত্রকৌশল বিভাগের তুলন ও নাইমুলসহ ওই শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী জড়িয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে ভৈরব বর্মণ বলেন, প্রথমে সবাই মিলে ব্যাচের আলোচনা করছিলেন এবং পরিবেশ স্বাভাবিক ছিল। একপর্যায়ে অপর পক্ষের শিক্ষার্থীরা তাঁর বন্ধুদের মারধর করেন। এর পরিপ্রেক্ষিতেই সংঘর্ষ শুরু হয় বলে দাবি করেন তিনি।
অন্য পক্ষের শিক্ষার্থী মো. রাকিন ও মো. আবদুল্লাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সংঘর্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন। বাকি দুজন বাইরে চিকিৎসা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে সাধারণত উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। কেউ অভিযোগ দিলেও তা বিবেচনায় নেওয়া হয়। তবে শুক্রবারের ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।