রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সোমবারের বিক্ষোভ কর্মসূচি সফল করতে জামায়াতের জরুরি নির্দেশনা

>> গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

>> জাজিরায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত বেড়ে ২

>> কামরাঙ্গীরচরে পার্থ দাশকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, পরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

>> রাজধানীর দেয়ালে আবার রহস্যময় গ্রাফিতি, ‘NAN’ ঘিরে নতুন কৌতূহল

>> অনিয়ম দুর্নীতি কর ফাঁকিতে সহায়তার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে

>> জাজিরায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ৪৫ মিনিট বন্ধ ছিল পদ্মা সেতুর যান চলাচল

>> চট্টগ্রামের বাকলিয়ায় মাদরাসা ও এতিমখানার আড়ালে ১০–১৫ পাকিস্তানি নাগরিকের অবস্থানের অভিযোগ, তদন্তের দাবি

>> কর ফাঁকিতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অতিরিক্ত কমিশনার মুরাদ আহমেদের বিরুদ্ধে

>> শরীয়তপুরে যুবলীগ নেতা ইব্রাহিম সিপাহি নিহত, অস্ত্রসহ বিএনপি নেতা টিটু আকন গ্রেপ্তার

আপনি পড়ছেন : বিনোদন

‘ব্যাচেলর পয়েন্ট’-এ যেভাবে শ্রদ্ধা জানানো হলো প্রয়াত অভিনেত্রী গুলশান আরাকে


Sifat Islam Sohag ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:২০



‘ব্যাচেলর পয়েন্ট’-এ যেভাবে শ্রদ্ধা জানানো হলো প্রয়াত অভিনেত্রী গুলশান আরাকে


‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে কাবিলার মা পলি চেয়ারম্যান চরিত্রের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ। দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও এই চরিত্র তাঁকে নতুন করে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে। এত দিন পর্দার আড়াল থেকে ফোনে তাঁর কণ্ঠ শোনা গেলেও এবার ধারাবাহিকটির গল্পে দেখানো হয়েছে পলি চেয়ারম্যানের মৃত্যুর ঘটনা। একই সঙ্গে প্রয়াত অভিনেত্রীকে বিশেষ শ্রদ্ধা জানিয়েছে নির্মাতা ও কলাকুশলীরা।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ১৪০তম ও শেষ পর্বে কাবিলার মা পলি চেয়ারম্যানের মৃত্যুর দৃশ্য তুলে ধরা হয়। পর্বের শেষাংশে অভিনেত্রী গুলশান আরা আহমেদের ছবি ও শ্রদ্ধাবার্তার মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়েছে। ২০২৫ সালের ১৫ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শেষ ছয়টি পর্ব। এসব পর্বের গল্পে পলি চেয়ারম্যানের মৃত্যুসংবাদ পেয়ে গ্রামে ফিরে যায় কাবিলা। তার সঙ্গে যায় বন্ধুরাও। মাকে হারানোর শোক এবং সেই সময়ে বন্ধুদের পাশে থাকার দৃশ্য দর্শকদের আবেগাপ্লুত করেছে।

ধারাবাহিকটিতে কাবিলা প্রায়ই বন্ধুদের আড্ডা ও কথোপকথনে মায়ের কথা বলত। পলি চেয়ারম্যান নোয়াখালীর একটি এলাকার চেয়ারম্যান হলেও তাঁকে শুরুতে সরাসরি পর্দায় দেখা যায়নি। মূলত ফোনের ওপাশ থেকেই শোনা যেত তাঁর কণ্ঠ। পরে কাবিলা ও তার বন্ধুরা গ্রামে গেলে কয়েকটি পর্বে সরাসরি দেখা যায় চরিত্রটিকে।

গল্পের পাশাপাশি বাস্তবের অভিনেত্রী গুলশান আরাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। পর্বের শেষে তাঁর ছবির সঙ্গে লেখা হয়, ‘প্রয়াত গুলশান আরা আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই পর্বটি তাঁকে উৎসর্গ করা হলো।’

একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেও দর্শকের মনে গভীর জায়গা করে নেওয়া সম্ভব—গুলশান আরাকে স্মরণ করার মধ্য দিয়ে বিষয়টি আবারও সামনে এসেছে। পর্বটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও আবেগ ও ভালোবাসা প্রকাশ করছেন দর্শকেরা।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, পঞ্চম সিজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দীর্ঘ পথচলা। তবে শেষ পর্বে গল্পের কিছু সম্ভাবনা খোলা রাখা হয়েছে। ফলে ভবিষ্যতে ধারাবাহিকটি আবারও ফিরবে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।