রাজধানীর বিভিন্ন এলাকার দেয়ালে আবারও দেখা মিলেছে রহস্যময় গ্রাফিতির। স্টেনসিলের মাধ্যমে আঁকা এসব গ্রাফিতির নিচে রয়েছে ‘NAN’ লেখা একটি স্বাক্ষর। তবে এই নামের অর্থ কী কিংবা এর পেছনে কারা রয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মতিঝিল, ইত্তেফাক মোড়, নটর ডেম কলেজের দেয়াল, বেইলি রোড, কাকরাইল, রমনা ও শিল্পকলা একাডেমি এলাকার বিভিন্ন দেয়ালে এসব গ্রাফিতি দেখা যায়।
কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘NAN’ নামটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এবার শহরের বিভিন্ন দেয়ালে একই নামের গ্রাফিতি দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
দেয়ালে আঁকা গ্রাফিতিতে দুটি ইংরেজি বার্তা রয়েছে। একটিতে লেখা, ‘NOBODY WAS HERE.’ অর্থাৎ, ‘এখানে কেউ ছিল না’। লেখাটির ওপরে রয়েছে গম্বুজ বা টুপির মতো একটি কালো প্রতীক।
অন্যটিতে লেখা, ‘ARE YOU AWAKE?’ অর্থাৎ, ‘তুমি কি জেগে আছো?’ এর ওপরে পাপড়িসহ বন্ধ চোখের একটি প্রতীক আঁকা রয়েছে। দুটি বার্তার নিচেই ছোট অক্ষরে লেখা ‘NAN’।
এর আগে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে NAN নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, এটি বাংলাদেশের একটি ছোট ‘ডিপ স্টেট’ বা পর্দার আড়ালে থেকে প্রভাব বিস্তারকারী গোষ্ঠী। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
অনেকে বিষয়টিকে ষড়যন্ত্রতত্ত্ব বলে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ একে নিছক প্রচারণা হিসেবেও দেখছেন। NAN-এর পূর্ণরূপ কী, এর সঙ্গে কোনো ব্যক্তি, শিল্পীগোষ্ঠী বা সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ প্রকাশ্যে এসব গ্রাফিতির দায়ও স্বীকার করেনি।
রাজধানীর দেয়ালে রহস্যময় বার্তা বা বেনামি গ্রাফিতি অবশ্য নতুন ঘটনা নয়। কয়েক বছর আগে শহরের বিভিন্ন দেয়ালে ‘হবেকি’ নামে গ্রাফিতি দেখা গিয়েছিল। সে সময় গণমাধ্যমে এসব স্ট্রিট আর্টকে সামাজিকভাবে দ্ব্যর্থক ও রাজনৈতিকভাবে অস্পষ্ট হিসেবে বর্ণনা করা হয়।
এর আগে ২০১৭ সালে ‘সুবোধ’ সিরিজের গ্রাফিতিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সে সময় গ্রাফিতিগুলোকে সরকারবিরোধী হিসেবে বিবেচনা করে শিল্পীকে খুঁজতে তদন্ত শুরু করেছিল একটি গোয়েন্দা দল।
ঢাকার গণ্ডি পেরিয়ে সুবোধ সিরিজের প্রভাব ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গেও। এর অনুপ্রেরণায় যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও একই ধরনের গ্রাফিতি আঁকা হয়েছিল।
এবারের ‘NAN’ গ্রাফিতির উদ্দেশ্য বা পরিচয় এখনো অজানা। ফলে রহস্যময় এই নাম ও দেয়ালে লেখা বার্তাগুলো ঘিরে রাজধানীতে তৈরি হয়েছে নতুন আলোচনা।