শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৪৫ মিনিট পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া অন্তত ২০টি মোটরসাইকেলসহ কয়েকটি স্থাপনায় আগুন দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিকেনগর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর তাঁবু টানিয়ে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে গোলাগুলির ঘটনাও ঘটে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া এড়াতে বিএনপির নেতাকর্মীরা পরে ঘটনাস্থল ছেড়ে চলে যান।
এরপর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি খাবারের হোটেল এবং বাসস্ট্যান্ড এলাকার একটি টংঘরে আগুন দেওয়া হয়। একই সময়ে ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৬টার দিকে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কার খবর পেয়ে পুলিশ সারা রাত দায়িত্ব পালন করেছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যও মোতায়েন ছিলেন। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। কোনো প্রাণহানি ছাড়াই পুলিশ তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।