১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে সোমবার (৩০ নভেম্বর) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি সফল করতে দেশের সব উপজেলা ও থানা শাখার নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে দলটি।
রোববার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখার নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সফল করতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।