পোশাক নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একটি অনুষ্ঠানে তাঁর অস্বস্তির কারণ পোশাক নয়; বরং আলোকচিত্রীদের ছবি তোলার ধরন।
গত মে মাসে একটি হীরার গয়নার প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানে তাঁর পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। অনেকেই প্রশ্ন তোলেন, অনুষ্ঠানের জন্য তাঁর পোশাকটি উপযুক্ত ছিল কি না।
তবে অভিনেত্রীর বক্তব্য ভিন্ন। রাজিনি হরিদাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অনুষ্ঠানে কয়েকজন আলোকচিত্রী তাঁর মুখের বদলে শরীরের বিভিন্ন অংশের দিকে ক্যামেরা তাক করে ছবি তুলছিলেন। এতে তিনি অস্বস্তি অনুভব করেন এবং তাঁর শরীরী ভাষাতেও সেই অস্বস্তির প্রকাশ ঘটে।
ঐশ্বরিয়ার মতে, একজন নারীর ব্যক্তিগত সীমারেখার প্রতি সম্মান দেখানো জরুরি। তাঁর দাবি, অনুষ্ঠানে তাঁর অস্বস্তির বিষয়টি আলোচনায় না এসে বরং তাঁর পোশাক নিয়েই বেশি সমালোচনা হয়েছে।
অভিনেত্রী প্রশ্ন তোলেন, নারীর পোশাকের একটি নির্দিষ্ট অংশ নিয়ে এত আলোচনা কেন হবে। তাঁর মতে, সংস্কৃতি শুধু পোশাক দিয়ে নির্ধারিত হয় না; মানুষের আচরণ ও অন্যের প্রতি সম্মান দেখানোর মধ্যেও সংস্কৃতির প্রকাশ ঘটে।
শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলকে গুরুত্ব দেননি ঐশ্বরিয়া। তিনি জানান, প্রথম ২৪ ঘণ্টা বিষয়টি নিয়ে হাসাহাসিই করেছিলেন। কিন্তু পরে আলোচনা ব্যাপক আকার নেওয়ায় তিনি বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন।
তিনি বলেন, সমাজে অর্থনীতি, জিডিপি, প্রবীণদের অবস্থা কিংবা মানুষের নানা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তাঁর পোশাকের একটি নির্দিষ্ট অংশ নিয়ে এতটা আগ্রহ তাঁকে বিস্মিত করেছে।
এর আগে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননও পোশাক নিয়ে একই ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন। একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে বিতর্ক তৈরি হলে পরে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়। কৃতিও তখন বলেছিলেন, একজন নারীর সংস্কৃতি ও মূল্যবোধকে কেবল পোশাকের মাধ্যমে বিচার করা উচিত নয়।
চিকিৎসা পেশা ছেড়ে অভিনয়ে আসেন ঐশ্বরিয়া লক্ষ্মী। ২০১৭ সালে মালয়ালম সিনেমা ‘নজান্ডুকালুডে নাট্টিল ওরিদাভেলা’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। ‘মায়ানাধি’ সিনেমায় অভিনয়ের পর দর্শকদের মধ্যে পরিচিতি বাড়ে।
পরবর্তীতে ‘ভারাথান’, ‘আম্মু’, ‘কুমারী’ ও ‘গাটা কুস্তি’র মতো সিনেমায় অভিনয় করেন তিনি। মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান’ সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ঐশ্বরিয়া লক্ষ্মীর সর্বশেষ সিনেমা ‘আশা’। উর্বশী ও জোজু জর্জ অভিনীত সিনেমাটি ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।