ঢাকার আদালত থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে বিরক্তি প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমনি। আদালত চত্বর থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন এই অভিনেত্রী। এ নিয়ে ভিডিও ধারণ করা ওই ব্যক্তির সঙ্গে তাঁর তর্ক-বিতর্ক হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহকারীদের সঙ্গে নিয়ে আদালত থেকে বের হচ্ছিলেন পরীমনি। নিজের সাদা গাড়ির দিকে যাওয়ার সময় তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। দূর থেকে কয়েকজন তাঁর জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। তাঁদের একজন প্রশ্ন করেন, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’
তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান পরীমনি। গাড়িতে ওঠার ঠিক আগে হঠাৎ এক ব্যক্তির দিকে এগিয়ে গিয়ে অভিযোগ করেন, ওই ব্যক্তি তাঁর গায়ে হাত দিয়েছেন। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’
জবাবে মুঠোফোনে ভিডিও ধারণ করা ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ পরীমনির পাশ থেকে তাঁর সহকারীরাও ওই ব্যক্তির বিরুদ্ধে একই অভিযোগ তোলেন।
ভিডিওতে দেখা যায়, প্রায় ৩০ সেকেন্ড ধরে চলে এই বাগ্বিতণ্ডা। একপর্যায়ে ক্ষুব্ধ পরীমনিকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’
এ সময় উপস্থিত কয়েকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। এরপর বিরক্তি প্রকাশ করতে করতে গাড়িতে ওঠেন পরীমনি। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে উচ্চ স্বরে বলতে থাকেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অভিনেত্রীর গাড়ি।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর এক দিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান।
শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার পরই সাংবাদিকদের উপস্থিতিতে ওই বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে।