দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর বক্তব্যকে দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, “ফুলবাড়ীর দিকে তাকালে কয়লা ছাড়া তারা আর কিছুই দেখে না।”
বুধবার ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, ২০০৬ সালে ফুলবাড়ীতে কয়লাখনিবিরোধী গণআন্দোলনের পর তৎকালীন সরকার জনগণের সঙ্গে চুক্তি করেছিল। তাঁর অভিযোগ, সেই চুক্তি বাস্তবায়ন না করে আবারও উত্তরবঙ্গের মানুষের জমি, বসতভিটা, পানিসম্পদ ও পরিবেশের দিকে ঝুঁকি তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, ফুলবাড়ী আন্দোলন শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। জনগণের প্রতিরোধের মুখে এশিয়া এনার্জি কোম্পানি টিকতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
আনু মুহাম্মদ অভিযোগ করেন, বিভিন্ন সময়ে সরকারগুলো মুনাফাগোষ্ঠীকে সুবিধা দিলেও ফুলবাড়ীর চুক্তি বাস্তবায়ন করেনি। তাঁর দাবি, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
এর আগে সকালে ফুলবাড়ীর নিমতলা এলাকায় কয়লাখনিবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোকমিছিল বের করা হয়। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সমাবেশ থেকে ফুলবাড়ীবাসীর সঙ্গে করা ছয় দফা চুক্তি পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়।