সোমবার, নভেম্বর ২, ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ড. ইউনূসসহ উপদেষ্টাদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ সমতা পার্টির মানববন্ধন

>> তিন ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক

>> মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে চার মামলা, আসামি সাড়ে ১০ হাজার; গ্রেপ্তার ২২

>> ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন; বিজিবি সদস্য আহত

>> মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

>> শ্রমিক অসন্তোষে এক দিনে ৫২৯ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ

>> বান্দরবানে সাকিব চৌধুরীকে মারধরের অভিযোগ, চোখের নিচে চার সেলাই; বিচারের দাবি পরিবারের

>> রাজশাহী বিআরটিএতে দালাল সিন্ডিকেটের দাপট, ঘুষ ছাড়া মিলছে না সেবা!

>> নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

আপনি পড়ছেন : ঢাকা

বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা


Sifat Islam Sohag ১৩ অক্টোবর ২০২৬, বিকাল ৩:৫৭



বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মশালা


নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন মানার অভ্যাস গড়ে তোলা জরুরি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১-এর উদ্যোগে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মো. মসিউর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হলো শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলা ও নিরাপত্তার সঙ্গে সড়কে চলাচল করতে শেখানো।

কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান এবং নিরাপদ সড়ককর্মী সফরা জাহান সেবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবহনব্যবস্থা বিশ্লেষক পার্থ সারথি দাস।

কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, ট্রাফিক সংকেত মেনে চলা, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বিআরটিএর পক্ষ থেকে সড়কে নিরাপদে চলাচল ও পারাপারের বিভিন্ন নিয়ম নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রদর্শনী উপস্থাপন করা হয়।

কর্মশালায় সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার দায়িত্ব। সচেতনতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী। তাই শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। ২০২৬ সালের দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। দিবসটি সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিআরটিএ। কর্মশালায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।