বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব সভাপতি

>> নভেম্বরে চার জাতির টুর্নামেন্টে ব্রাজিলের মুখোমুখি জাপান

>> আত্মশুদ্ধির পথে নিভৃত ইবাদতের গুরুত্ব

>> বন্যা-ভাঙন ঠেকাতে ‘জাদুর ঘাস’ ব্যবহারের পরিকল্পনা সরকারের

>> দিশা সালিয়ানের মৃত্যুতে নতুন মোড়, সিবিআইকে তদন্তের নির্দেশ বম্বে হাইকোর্টের

>> বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট

>> সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে ১০ মৃত্যু, সরকারি সংস্থার গাফিলতি পায়নি তদন্ত কমিটি

>> নাটোরে বৃষ্টির সুযোগে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

>> মেসির ইনস্টাগ্রাম পোস্টে ‘গোট’ বিতর্কের ইতি!

>> হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করতে চান ট্রাম্প

আপনি পড়ছেন : জামালপুর

বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট


Rabeya ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:১৩



বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট


জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় দুটি বাস ভাঙচুর এবং পরিবহনশ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।

শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, চালক ও পরিবহনশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। এর ফলে জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা এবং জামালপুর-টাঙ্গাইল হয়ে ঢাকার পথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, বুধবার দুপুরে নান্দিনা বাজার এলাকায় রাজিব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে আন্দোলনকারীরা রাজিব পরিবহনের দুটি বাস আটকে যাত্রীদের নামিয়ে দেন। পরে বাস দুটির চালক ও সহকারীদের মারধর এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনার পর চালক-শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তাঁরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে হামলা ও ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এর আগে মঙ্গলবার রাতে জামালপুরে রাজিব পরিবহনের একটি বাসের চাপায় চারজন নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে এবং জামালপুর-ঢাকা রুটে বাস চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বুধবার নান্দিনা বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। আন্দোলনকারীরা রাজিব পরিবহনের রোড পারমিট বাতিলের দাবিও জানান।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জামালপুর-ঢাকা রুটে রাজিব পরিবহনের বেশ কিছু পুরোনো ও জরাজীর্ণ বাস চলাচল করছে। এসব বাসের আসন ও জানালার অবস্থাও অনেক ক্ষেত্রে ভালো নয়। তাঁদের আরও অভিযোগ, কিছু চালকের দক্ষতা ও বৈধ লাইসেন্স নিয়েও প্রশ্ন রয়েছে। জামালপুর থেকে ময়মনসিংহের মুক্তাগাছা পর্যন্ত বাসগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে বলেও অভিযোগ করেন তাঁরা।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, বুধবার বাস ভাঙচুরের পাশাপাশি চালক ও সহকারীদের মারধর এবং তাঁদের কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানার পর শ্রমিকেরা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, পরিবহনশ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।