জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রচারণায় ব্যবহৃত মাইকে হঠাৎ বেজে ওঠে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরের আগ্রাবাদের বাদামতলী মোড়ে এ ঘটনা ঘটে। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় মাইকযোগে দলীয় সংগীত ও নেতাদের বক্তব্য প্রচার করা হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রচারণার মাইক থেকে হঠাৎ ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের একটি গান বাজতে শুরু করে। গানটির শব্দ আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। সে সময় বাদামতলী মোড়ের পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের বিভিন্ন স্থানে দলীয় গান ও নেতাদের ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। বাদামতলী মোড়ে অন্য দলের একটি গান বাজানোর ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
তিনি বলেন, সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইল ফোন থেকে গানটি চালানো হয়েছিল। দুপুরের দিকে ঘটনাস্থলে দলের নেতাকর্মীরা উপস্থিত না থাকায় গানটি বেশ কিছুক্ষণ ধরে বাজতে থাকে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, ভিডিওটি পুলিশের নজরে আসার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।