জয়পুরহাটের ক্ষেতলালে পুরোনো প্রেমকে বিদায় জানাতে দুধ দিয়ে গোসল করেছেন ২৫ বছর বয়সী এক যুবক। শুক্রবার বিকেলে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
তারিকুল ইসলাম নামের ওই যুবক জানান, একসময় এক নারীকে ভালোবেসেছিলেন। সেই সম্পর্ক নিয়ে অনেক আশা থাকলেও পরবর্তী সময়ে তা তাঁর জীবনে হতাশা ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘদিনের কষ্ট থেকে বেরিয়ে এসে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নিজের সিদ্ধান্তকে প্রতীকীভাবে প্রকাশ করতেই দুধ দিয়ে গোসল করেছেন বলে জানান তারিকুল।
তিনি বলেন, ‘অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না।’
তারিকুল আরও জানান, ভালোবাসার পেছনে না ছুটে এবার নিজের জীবন নতুনভাবে গুছিয়ে নিতে চান। ভালো পথে ফিরে এসে ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঘটনার সময় তাঁকে ঘিরে স্থানীয় মানুষের ভিড় জমে যায়। কেউ বিস্ময় নিয়ে বিষয়টি দেখেন, আবার কেউ মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রেমে ব্যর্থ হয়ে মানুষ বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখান। তবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানানোর ঘটনা তাঁদের কাছে বেশ ব্যতিক্রমী।