শনিবার, আগস্ট ২৯, ২০২৬
১৪ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ফৌজদারি অভিযোগের পরও পদোন্নতি, যশোর বিআরটিএ কর্মকর্তাকে ঘিরে দুর্নীতির অভিযোগ

>> পরীক্ষার সময় বই খুলে লিখছিলেন, ভিডিও করায় দুই সাংবাদিকের ওপর হামলা

>> জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

>> ইমরান খানের মুক্তির দাবি করে কেঁদে বললেন মিয়াঁদাদ, ‘ইমরান সৎ মানুষ’

>> জ্বালানির অভাবে চলে না জেনারেটর, বিদ্যুৎ গেলে হাতপাখাই ভরসা

>> সচিবালয়ে সাপ হত্যা: কী বলছে বন্য প্রাণী সংরক্ষণ আইন

>> আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করল যুক্তরাষ্ট্র

>> ঢাকায় ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে যুবক নিহত

>> দুধ দিয়ে গোসল করে যুবকের ঘোষণা, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’

>> সিদ্ধান্ত বদল নেপাল সরকারের, বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দলকে অনুমতি

আপনি পড়ছেন : খেলা

ইমরান খানের মুক্তির দাবি করে কেঁদে বললেন মিয়াঁদাদ, ‘ইমরান সৎ মানুষ’


Rabeya ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১:২১



ইমরান খানের মুক্তির দাবি করে কেঁদে বললেন মিয়াঁদাদ, ‘ইমরান সৎ মানুষ’


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক ক্রিকেটার ইমরান খানের মুক্তির দাবিতে এবার সোচ্চার হয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। ইমরানকে সৎ মানুষ উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন ইমরান খান। বর্তমানে দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তিন বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন তিনি।

পাকিস্তানের সাংবাদিকদের প্ল্যাটফর্ম ‘ন্যারেটিভস’কে দেওয়া সাক্ষাৎকারে মিয়াঁদাদ বলেন, ইমরানকে নিয়ে বিরোধ থাকলেও বিষয়টি অযথা দীর্ঘায়িত করা ঠিক নয়। সবাইকে একসঙ্গে বসে সমস্যার সমাধান করা উচিত।

ইমরানের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্মরণ করে মিয়াঁদাদ বলেন, তাঁদের মধ্যে কখনো শত্রুতা বা বড় ধরনের ঝগড়া ছিল না। তাঁরা একসঙ্গে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন এবং পাকিস্তান দলের হয়েও দীর্ঘ সময় সতীর্থ ছিলেন।

মিয়াঁদাদ বলেন, ‘সে একজন জাতীয় বীর। আমি প্রার্থনা করি, এই সমস্যার সমাধান হোক।’ একই সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিও ইমরানের বিষয়টি সমাধানের আহ্বান জানান তিনি।

সাবেক সতীর্থের কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মিয়াঁদাদ। চোখে পানি নিয়ে তিনি বলেন, তিনি যা বলছেন, তা হৃদয় থেকেই বলছেন। ইমরানের কিছু হলে পাকিস্তানে বড় ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মিয়াঁদাদ আরও বলেন, ইমরান তাঁর সহকর্মী এবং তাঁকে খুব ভালোভাবে চেনেন। তাঁর ভাষায়, ‘সে একজন সৎ মানুষ।’

ইমরান খানের সঙ্গে মিয়াঁদাদের ক্রিকেটজীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় ১৯৯২ বিশ্বকাপ। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে তৃতীয় উইকেটে দুজন মিলে ১৩৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন। ওই ম্যাচে জয় পেয়ে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে পাকিস্তান।

১৯৯২ বিশ্বকাপের পর ক্রিকেট ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে রয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে তিনি মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।