নতুন গোলকিপার দলে নিয়েছে বার্সেলোনা। তুরস্কের ক্লাব ফেনারবাচে ছেড়ে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়েছেন ৩১ বছর বয়সী ক্রোয়াট গোলকিপার ডোমিনিক লিভাকোভিচ।
স্প্যানিশ ও ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লিভাকোভিচকে দলে নিতে প্রাথমিকভাবে ২০ লাখ ইউরো খরচ করছে বার্সেলোনা। বিভিন্ন শর্ত ও পারফরম্যান্স বোনাস মিলিয়ে আরও ২০ লাখ ইউরো যোগ হতে পারে। ফলে চুক্তিটির মোট আর্থিক মূল্য দাঁড়াতে পারে প্রায় ৪০ লাখ ইউরোতে।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ফেনারবাচের সঙ্গে লিভাকোভিচকে নিয়ে তাদের চূড়ান্ত সমঝোতা হয়েছে। ক্রোয়েশিয়ার এই গোলকিপার ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার মৌসুমের জন্য বার্সেলোনায় চুক্তিবদ্ধ হয়েছেন।
বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকোর প্রাথমিক পরিকল্পনা ছিল, লিভাকোভিচকে দলে এনে ২০২৬-২৭ মৌসুমে অন্য কোনো ক্লাবে ধারে পাঠানো। আগামী বছর ভয়চেক শেজনির চুক্তির মেয়াদ শেষ হলে তাঁকে মূল একাদশে সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।
তবে গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে লিভাকোভিচের নজরকাড়া পারফরম্যান্স বার্সেলোনার পরিকল্পনায় পরিবর্তন আনে। অন্য কোনো ইউরোপীয় ক্লাব তাঁকে দলে নেওয়ার আগেই চুক্তি সম্পন্ন করতে উদ্যোগী হয় বার্সেলোনা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শেষ পর্যন্ত চুক্তিপত্রে সই করেন লিভাকোভিচ।
হান্সি ফ্লিকের দলে শুরুতে অবশ্য ব্যাকআপ গোলকিপারের দায়িত্ব পালন করতে হবে তাঁকে। গোলপোস্টের নিচে প্রথম পছন্দ হিসেবে তরুণ হোয়ান গার্সিয়া নিজের জায়গা ধরে রেখেছেন।
এদিকে ৩৬ বছর বয়সী পোলিশ গোলকিপার শেজনির জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। ক্লাবে তাঁর শেষ বছরে তিনি তৃতীয় পছন্দের গোলকিপারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।