বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে একটি মহল দেশে বিভিন্ন ধরনের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর দাবি, ফ্যাসিস্ট সরকারের সহযোগীরাই এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় দেশে জ্বালানি সংকট তৈরির চেষ্টা করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলচক্র বিভিন্ন পাম্পে ঘুরে ঘুরে তেল নেওয়ার মাধ্যমে পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছিল। বিষয়টি সরকারের নজরে আসার পর ব্যবস্থা নেওয়া হয় এবং এক সপ্তাহের মধ্যে জ্বালানি পরিস্থিতির উন্নতি ঘটে।
চলমান সারসংকট নিয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি দাবি করেন, গত বছরের তুলনায় এবার দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট তৈরি করেছিল। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়ের কিছু সার ডিলার এই পরিস্থিতির সঙ্গে জড়িত। বিষয়টি জানার পর প্রতিটি ইউনিয়নে নতুন করে একজন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে এলএনজি আমদানিতে সমস্যার কথাও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। গ্যাস ও বিদ্যুতের সংকট দ্রুত কাটিয়ে উঠতে সরকার কাজ করছে বলে জানান তিনি। আগামী সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র চালু করতে উচ্চমূল্যে এলএনজি কেনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী তিন বছরের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। এর অংশ হিসেবে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জামালপুর ও হবিগঞ্জের অকৃষি জমিতে সৌর প্যানেল স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে বলে জানান মন্ত্রী।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সারা দেশে ৪২ হাজার ৩৯০ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি নারীদের বিভিন্ন রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসার সুযোগ বাড়বে বলে জানান তিনি।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংসদ সদস্য, আইনজীবী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।