রবিবার, আগস্ট ৩০, ২০২৬
১৫ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ইউটিউব দেখে ফলের বাগান, প্রথম বছরেই ২২ লাখ টাকার বিক্রি

>> যশের তারকাখ্যাতি আছে, কিন্তু গল্প কতটা জমল? ‘টক্সিক’ নিয়ে যে ৭ প্রশ্ন

>> মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট

>> গ্যাস-বিদ্যুৎ সংকটে কমছে নির্মাণসামগ্রীর উৎপাদন, বাড়ছে সরবরাহের শঙ্কা

>> মির্জা ফখরুলের আসনে সালাহউদ্দিন, সংসদের উপনেতা হচ্ছেন কি?

>> ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসীসহ তিন বন্ধুর মৃত্যু

>> সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর উদ্যোগ, ১০ হাজার যাবে বিনা খরচে

>> আশা ইউনিভার্সিটি বাংলাদেশে নবীনবরণ–২০২৬ অনুষ্ঠিত

>> বিশ্বকাপ জিতেও দল থেকে বাদ, নাম না দেখে হেসেছিলেন সূর্যকুমার

>> পুরো দেশটাকেই যদি গোলাপি করা যেত

আপনি পড়ছেন : রাজনীতি

মির্জা ফখরুলের আসনে সালাহউদ্দিন, সংসদের উপনেতা হচ্ছেন কি?


Rabeya ৩০ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৪



মির্জা ফখরুলের আসনে সালাহউদ্দিন, সংসদের উপনেতা হচ্ছেন কি?


জাতীয় সংসদের নতুন আসনবিন্যাসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে বসানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এর পর থেকেই তাঁকে সংসদের উপনেতা করা হচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত সালাহউদ্দিন আহমদকে সংসদের উপনেতা করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। সংসদের উপনেতা কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রী ও সংসদ নেতার। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শুধু আসন পরিবর্তনের ভিত্তিতে কাউকে উপনেতা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। যদিও প্রধানমন্ত্রীর পাশের গুরুত্বপূর্ণ আসনে সালাহউদ্দিনকে বসানোয় বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে বসতেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলীয় মহাসচিব ও মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়।

আগের আসনবিন্যাসে ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে প্রধানমন্ত্রীর পরের আসনটি ছিল মির্জা ফখরুলের। এরপর ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছিলেন চতুর্থ আসনে।

নতুন বিন্যাসে মির্জা ফখরুলের জায়গায় উঠে এসেছেন সালাহউদ্দিন। তাঁর পাশের আসনে রয়েছেন আমির খসরু। অন্য নেতাদের আসনেও পরিবর্তন আনা হয়েছে। সালাহউদ্দিনের আগের আসনে এখন বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে পেছন থেকে সামনে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য আমানউল্লাহ আমান।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দলের ভেতরেও তাঁর গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। একই সঙ্গে বিএনপির পরবর্তী মহাসচিব হিসেবেও তাঁর নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। ফলে সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পাশে তাঁকে বসানোর বিষয়টি রাজনৈতিকভাবে আলাদা গুরুত্ব পাচ্ছে।

সংসদের উপনেতার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ নেতার অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রম পরিচালনায় উপনেতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অতীতেও ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের এই পদে দায়িত্ব দেওয়ার নজির রয়েছে।

তবে মির্জা ফখরুলের আসনে সালাহউদ্দিনের বসা শুধুই নিয়মিত আসনবিন্যাসের অংশ, নাকি ভবিষ্যতে তাঁকে সংসদে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে—তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা এলেই বিষয়টি পরিষ্কার হবে।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, উপনেতা নিয়োগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ার।