বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডনের ৫ দিনের রিমান্ড

>> ছুটির দিনে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাবাকে ছাড়াই দাফন

>> বিএনপির কর্মী হলো সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, তৃণমূলে ক্ষোভ

>> গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

>> ভিনিসিয়ুসকে ১৬ ফাউলে একটি হলুদ কার্ড, ইয়ামালকে ৩ ফাউলেই একটি

>> নেপালের আকস্মিক বন্যা কেন ভয়াবহ বিপর্যয়ে রূপ নিল

>> প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তাসুবিধা

>> নেপালে নিখোঁজ পর্যটকদের ৪০০ জনের বেশি বিদেশি, তালিকায় ৮ দেশের নাগরিক

>> নেপালে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শোক

>> ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দলীয় পদ থেকে অব্যাহতি

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপির কর্মী হলো সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, তৃণমূলে ক্ষোভ


২৭ আগস্ট ২০২৬, দুপুর ২:৫৫
বিএনপির কর্মী হলো সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, তৃণমূলে ক্ষোভ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানা ও ৪৭ নম্বর ওয়ার্ড কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার অভিযোগে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের পদায়ন করায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটিতে অর্থ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত রহিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একইভাবে ৪৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

তৃণমূলের একাধিক নেতা-কর্মীর ভাষ্য, উক্ত ব্যক্তি গত ৫ আগস্টের পর বিএনপির বিভিন্ন মিছিল ও সভা-সমাবেশে অংশ নিয়েছেন। এমন একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব দেওয়ায় দলের নিবেদিতপ্রাণ কর্মীরা বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।

এছাড়া ৪৭ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে নিয়েও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ্যে পোস্ট দিয়ে জানিয়েছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং তাকে না জানিয়েই পদ দেওয়া হয়েছে। একই পোস্টে তিনি এমন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে চান না বলেও উল্লেখ করেছেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এসব বিষয়ে কমিটি ঘোষণার পরপরই সংশ্লিষ্ট নেতাদের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। এমনকি অভিযোগের সমর্থনে বিভিন্ন তথ্য-প্রমাণও উপস্থাপন করা হয়েছে। কিন্তু কয়েকদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে দাবি তাদের।

তাদের অভিযোগ, বিতর্কিত ব্যক্তিদের পদায়নের কারণে ওয়ার্ড ও থানা পর্যায়ে প্রকৃত ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এতে সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সাংগঠনিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল নেতাদের দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাদের মতে, অভিযোগ প্রমাণিত হলে বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং যোগ্য ও পরীক্ষিত কর্মীদের নেতৃত্বে আনা হলে সংগঠনের ভাবমূর্তি ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।