আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার তিনি বাসসকে বলেন, নভেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে সার্বিক প্রস্তুতির বড় একটি অংশ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নভেম্বর মাসকে লক্ষ্য ধরে কাজ করছে কমিশন। নির্বাচন কমিশনারের মতে, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময়কে সাধারণত নির্বাচন আয়োজনের উপযুক্ত মৌসুম হিসেবে বিবেচনা করা হয়।
তবে এ সময়ের মধ্যে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় আয়োজন রয়েছে। পূজা, রমজান ও ঈদের মতো বিষয়গুলো বিবেচনায় রেখেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হবে বলে জানান তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলেও জানিয়েছেন আব্দুর রহমানেল মাছউদ।
ইসি যদি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে আগামী নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের নতুন ধাপ শুরু হতে পারে।