রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ এবং সেভাবেই দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্যের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখতে হবে।
রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা জনগণের অর্থে পরিচালিত হয়। তাই এসব সম্পদের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।
কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।
এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি স্বাধীনতার পর দেশ ও রাষ্ট্র গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন এবং পূর্ববর্তী সব রাষ্ট্রপতির প্রতিও শ্রদ্ধা জানান।
বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তাঁরা সবাই একটি পরিবারের মতো। পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করে ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।