কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পেশাগত কাজকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার বিভিন্ন কৌশল নিয়ে প্রকাশিত হয়েছে ‘পেশাজীবীদের জন্য এআই’ নামের একটি বই। বইটির লেখক উপাত্তনির্ভর ডিজিটাল বিপণনকারী, প্রশিক্ষক, পরামর্শক ও উদ্যোক্তা শামীম হুসাইন। বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন।
প্রতিবেদন লেখা, ই-মেইল তৈরি, উপস্থাপনা প্রস্তুত, গবেষণা এবং বিভিন্ন ধরনের বিষয়বস্তু তৈরির মতো নিয়মিত কাজে পেশাজীবীদের অনেক সময় ব্যয় হয়। এসব কাজ এআইয়ের সহায়তায় কীভাবে কম সময়ে এবং আরও কার্যকরভাবে করা যায়, বইটিতে সে বিষয়ে ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়েছে।
চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষক, ফ্রিল্যান্সার, বিপণনকর্মী, ব্যাংকার, চিকিৎসক, আইনজীবী ও শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় রেখে বইটির বিষয়বস্তু সাজানো হয়েছে।
বইটিতে চ্যাটজিপিটি, ক্লড ও জেমিনির মতো এআই সফটওয়্যার বাস্তব কাজের ক্ষেত্রে ব্যবহারের পদ্ধতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় প্রম্পট, ব্যবহারিক উদাহরণ এবং বিভিন্ন পেশার জন্য আলাদা নির্দেশনা।
এ ছাড়া এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করার কৌশল এবং ৪০০টির বেশি প্রস্তুত প্রম্পট রাখা হয়েছে বইটিতে।
লেখকের মতে, বইটি কেবল এআই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য নয়; বরং কর্মক্ষেত্রে এআই ব্যবহার করে বাস্তব কাজ সম্পন্ন করার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
শামীম হুসাইন ঝিনাইদহের শৈলকুপায় জন্মগ্রহণ করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ থেকে স্নাতক শেষ করার পর তিনি একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠানে প্রায় ১১ বছর সফটওয়্যার উন্নয়ন প্রকৌশলী হিসেবে কাজ করেন।
পরবর্তীতে করপোরেট চাকরি ছেড়ে তিনি স্কিলআপার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে তরুণদের ডিজিটাল দক্ষতা, এআই, ইংরেজি যোগাযোগ এবং ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বৈশ্বিক কর্মসংস্থানের জন্য প্রস্তুত করার কাজ করছেন তিনি।
গুগল বিজ্ঞাপন, মেটা বিজ্ঞাপন, ডিজিটাল অ্যানালিটিকস, কনভার্সন রেট অপ্টিমাইজেশন (সিআরও), নিউরোমার্কেটিং এবং এআইভিত্তিক বিপণন স্বয়ংক্রিয়করণেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।
এক দশকের বেশি সময় ধরে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল প্রবৃদ্ধিতে কাজ করার পাশাপাশি পেশাজীবী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছেন শামীম হুসাইন।
‘পেশাজীবীদের জন্য এআই’ বইটির পৃষ্ঠা সংখ্যা ৩৪৮। কাজী যুবাইর মাহমুদের প্রচ্ছদে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
দেশের বিভিন্ন প্রধান বইয়ের দোকানের পাশাপাশি রকমারি, প্রথমা ডটকম, ওয়াফিলাইফসহ অনলাইন বই বিক্রির প্ল্যাটফর্মেও বইটি পাওয়া যাচ্ছে।