গতকাল রোববার দুপুরে ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির কাছ থেকে একটি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের পর এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের হাতে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। তাঁর নাম তানভীর আবেদীন (৪১)।
পুলিশের তথ্য অনুযায়ী, তানভীরের কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরে ধানমন্ডি থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাঁকে সঙ্গে নিয়ে অভিযান চালান।
অভিযানে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মো. মজিবুর রহমান (৬০) ও মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০)।
পুলিশ জানায়, ব্যাংক থেকে টাকা নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ভুক্তভোগীর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিলেন। ভুক্তভোগী তাঁদের পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে তানভীর রাস্তায় পড়ে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন।
ঘটনার পর পুলিশ ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চালায়।