শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়া এবং বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কয়েকটি এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ী এলাকায় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুটি স্থানে শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ খবরের পর ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে জড়ো হন। পরে লাঠিসোঁটা নিয়ে তাঁরা স্থানীয় সড়ক অবরোধ করেন।
শ্রমিকদের দাবি, ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিক মারা গেছেন। তবে মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
পরে ইসলাম গার্মেন্টসসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে মেম্বারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন। একই সময়ে বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
এতে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে অবরোধ ও বিক্ষোভ চলে।