মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, দিল্লি থেকে উড়োজাহাজ চেয়েছেন

>> গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

>> গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

>> ‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল

>> দাউদকান্দি সেতুর দুই লেন বন্ধ, বিকল্প পথে স্বাভাবিক যান চলাচল

>> আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, এরপরই গ্রাম থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি

>> ট্রেন দুর্ঘটনায় স্বামী-সন্তান হারানোর তিন দিন পর মারা গেলেন তানিয়াও

>> ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা

আপনি পড়ছেন : রাজনীতি

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, দিল্লি থেকে উড়োজাহাজ চেয়েছেন


Sifat Islam Sohag ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৯



বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, দিল্লি থেকে উড়োজাহাজ চেয়েছেন


আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানের দুই বছরের বেশি সময় পর দেশে ফেরার জন্য এবারই প্রথম নির্দিষ্ট তারিখ জানিয়েছেন তিনি। দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।

মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবারও একইভাবে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আরও দাবি করা হয়, সাংবিধানিক প্রক্রিয়া লঙ্ঘন করে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার খবর প্রকাশের পর তাঁর দেশে ফেরার পরিকল্পনার বিষয়টি সামনে আসে। ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে তাঁর আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও সরকারের একজন মুখপাত্র সাড়া দেননি।

এর আগে রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফেরাতে ভারত থেকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

শেখ হাসিনা বর্তমানে মৃত্যুদণ্ডের রায়ের মুখে রয়েছেন। গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে এ রায় দেন। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা।

এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা এবং নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংগ্রহের উদ্যোগকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা আরও বাড়তে পারে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।