২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি। তবে মৃত্যুদণ্ডের রায় থাকায় দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এসব তথ্য জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখের কথা জানালেন শেখ হাসিনা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার এই পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা বাড়ানোর অভিযোগ উঠেছে।
দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাস পর তাঁর আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে তাঁকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।
বিবৃতিতে বলা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানোর পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এ বিষয়ে বাংলাদেশের সরকারের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে এর আগে রোববার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলন এবং পরবর্তী অস্থিরতার সময় বাংলাদেশে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।