বুধবার, নভেম্বর ৪, ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ

>> গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

>> হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

>> গাজীপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

>> বরিশাল বিআরটিএর মোটরযান পরিদর্শক সৌরভ সাহার বিরুদ্ধে ফের ঘুষের বিনিময়ে লাইসেন্স দেওয়ার অভিযোগ

>> মজুরি বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

>> যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসে বাধা, উদয়ন স্কুলে বিক্ষোভ

>> সাভার-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ঘিরে দুই মামলা, আটক ১৩

>> আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত প্রায় ৫০ পুলিশ সদস্য

>> সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধীদের দোষারোপ করা হচ্ছে: জামায়াত আমির

আপনি পড়ছেন : ঢাকা

হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন


Sifat Islam Sohag ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৩



হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাভার-আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন


ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

এ সময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

পুলিশের তৎপরতায় শ্রমিকেরা সড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

অন্যদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। সকালে হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার কয়েকটি কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে আশুলিয়ার প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, আশুলিয়ায় কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে হেমায়েতপুরের পরিস্থিতি সম্পর্কে তার কাছে বিস্তারিত তথ্য নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখা এবং নাশকতা প্রতিরোধে অতিরিক্ত পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি সাভার-আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি সদস্য সতর্ক অবস্থানে থেকে টহল দিচ্ছেন।