মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, একজন পলাতক আসামির জন্য উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন এবং এ ধরনের দাবি উন্মাদনা ছাড়া আর কিছু নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মুখপাত্রের পক্ষ থেকে দেশে ফেরার জন্য উড়োজাহাজ চাওয়ার যে বিবৃতি দেওয়া হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এ ধরনের দাবি জানানোর ঘটনা বিশ্বে বিরল বলেও মন্তব্য করেন তিনি।
বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের কর্মকাণ্ড নিয়ে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের বাইরে থেকে তারা কোনো তৎপরতা চালালে কূটনৈতিক চ্যানেলে বিষয়টি জানানো ছাড়া সরকারের হাতে তেমন কিছু করার থাকে না। বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ডের খবর গণমাধ্যমের মাধ্যমে পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, পলাতক নেতাদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের সদস্যরা নিজেদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরছেন বলে তিনি মনে করেন। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, দলটি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হলে বিচারের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, দলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আবেদন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।