রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকান উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশনের একটি দল। একপর্যায়ে মিরপুর আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন ফুটপাতের ব্যবসায়ীরা। অন্যদিকে, মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় পুলিশ অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এর জবাবে ফুটপাতের ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে ইটপাটকেলের মুখে পুলিশ সদস্যরা পিছু হটেন।
পরে ঘটনাস্থলে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।