শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

>> ‘ঘরে মশার জন্য দাঁড়ানো যায় না’, পরিচ্ছন্নতা নিয়ে কর্মকর্তার প্রশ্নে বাসিন্দার পাল্টা জবাব

>> গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা-রংপুর লংমার্চ, গাজীপুরে শফিকুর রহমানের বক্তব্য

>> ভারতে সাজা শেষে কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে ফিরলেন পাঁচ বাংলাদেশি

>> ডিবি-ডিজিএফআই পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ, পুলিশের তৎপরতায় উদ্ধার

>> সুনামগঞ্জে হাসপাতালে তিন শিশুর মরদেহ, বিষপানে অসুস্থ বাবা

>> সাগরে গোসলে নেমে ভেসে গেলেন তিন পর্যটক, একজনের মৃত্যু; দুজন উদ্ধার

>> খানাখন্দ আর নির্মাণকাজে বেহাল সড়ক, চলাচলে চরম ভোগান্তি

>> ফাইনালে উঠতে পারলেন না মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরিও হলো বৃথা

>> ভাষা ও উচ্চারণ নিয়ে ট্রল, এবার নিজের দুর্বলতার কথা জানালেন রাশমিকা

আপনি পড়ছেন : ঢাকা

‘ঘরে মশার জন্য দাঁড়ানো যায় না’, পরিচ্ছন্নতা নিয়ে কর্মকর্তার প্রশ্নে বাসিন্দার পাল্টা জবাব


Rabeya ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫৪



‘ঘরে মশার জন্য দাঁড়ানো যায় না’, পরিচ্ছন্নতা নিয়ে কর্মকর্তার প্রশ্নে বাসিন্দার পাল্টা জবাব


ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল খুঁজতে গিয়ে রাজধানীর লালমাটিয়ার নিউ কলোনি আবাসিক এলাকায় একটি ঘরের পাশে জমে থাকা পানিতে বিপুলসংখ্যক মশার লার্ভা পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীরা। এ সময় পরিচ্ছন্নতা নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে এক বাসিন্দার কথোপকথনও হয়।

শনিবার ডিএনসিসির ‘একশোতে একশো’ কর্মসূচির আওতায় লালমাটিয়া নিউ কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। একটি ছোট ঘরের স্যাঁতসেঁতে দেয়ালের পাশে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা দেখতে পান মশকনিধনকর্মীরা।

এ সময় ঘর থেকে এক বৃদ্ধ ও তাঁর মেয়ে বেরিয়ে আসেন। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী ওই বাসিন্দাকে আশপাশের জমে থাকা পানি ও লার্ভা দেখিয়ে সতর্ক করেন। তিনি বলেন, বাড়ির কাছেই মশার প্রজনন হলে সেখানকার বাসিন্দারাই প্রথমে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন। ডেঙ্গু আক্রান্ত হলে পরিস্থিতি গুরুতর হয়ে হাসপাতালে এমনকি আইসিইউতেও যেতে হতে পারে বলে তিনি জানান।

জবাবে বৃদ্ধ বলেন, তিনি সেখানে ২৬ বছর ধরে বসবাস করলেও কখনো আইসিইউতে যেতে হয়নি। তাঁর দাবি, ওই এলাকায় মশার উৎপাদন বেশি হওয়ার অন্যতম কারণ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব।

স্বাস্থ্য কর্মকর্তা তখন জানতে চান, জায়গাটি পরিষ্কার করবে কে। জবাবে বৃদ্ধ বলেন, ‘এটা মিউনিসিপ্যালিটি করবে, আমরা করবনি?’ ঘরের পাশের জায়গাটিও সিটি করপোরেশন পরিষ্কার করবে কি না জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি সরকারি এবং হাউজিং কর্তৃপক্ষেরই তা পরিষ্কার করার কথা।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পরে বলেন, সরকারি কর্মকর্তাদের আবাসিক ভবনগুলোর ভেতরের পরিবেশ তুলনামূলকভাবে ভালো থাকলেও ভবনের পেছনের অংশে ময়লা-আবর্জনা ও অপ্রয়োজনীয় জিনিসপত্র জমে আছে। এসব স্থানে এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে।

তিনি আরও জানান, বিশেষ করে দুটি ভবনের মাঝের জায়গায় ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়কদের জন্য তৈরি ছোট ঘরগুলোর আশপাশে উল্লেখযোগ্য পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

ডিএনসিসির এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে তিনি বলেন, কোথায় এডিস মশা বংশবিস্তার করতে পারে, সে বিষয়ে নগরবাসীকে সচেতন করা এবং প্রজননস্থল তৈরি হওয়ার আগেই তা বন্ধ করা।

শনিবার সকাল নয়টার দিকে লালমাটিয়া নিউ কলোনি মাঠ থেকে ডিএনসিসির মশকনিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, কুইক রেসপন্স দলের সদস্য, রোভার স্কাউট ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের আটটি দলে ভাগ করে বিভিন্ন এলাকায় পাঠানো হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ১২ সেপ্টেম্বর ‘একশোতে একশো’ কর্মসূচি শুরু করে ডিএনসিসি। শনিবার ছিল কর্মসূচির অষ্টম দিন। সিটি করপোরেশনের চিহ্নিত ১০০টি হটস্পটে ১০০ দিন ধরে প্রতিদিন ১০০ জন কর্মী নিয়ে পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এডিস মশার প্রজনন ও উৎসস্থল পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য নির্ধারণ করেছে ডিএনসিসি।