রাজধানীতে একই দিনে অল্প সময়ের ব্যবধানে দুটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডিতে আগুন লাগার পর বেলা ১১টার দিকে মহাখালীর একটি ভবনেও আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে একটি জুতার শোরুমে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর কিছুক্ষণ পর বেলা ১১টা ১২ মিনিটের দিকে মহাখালী এলাকায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এসকেএস শপিং মলের পেছনে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো ভবনের কাছাকাছি একটি ভবনে আগুনের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, মহাখালীর ভবনটিতে আগুনের কারণে ব্যাপক ধোঁয়া তৈরি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
একই সকালে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।