ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন করে যুক্ত হওয়া চারটি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত এর বাস্তবায়ন কাজ শুরু হবে।
রোববার রাজধানীর কদমতলী থানার ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এ তথ্য জানান। পরে সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ডিএসসিসির প্রশাসক বলেন, সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে ১৩০ কোটি টাকার প্রকল্প গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। অনুমোদন পাওয়া গেলে প্রকল্পের কাজ শুরু করা হবে।
খাল ও ড্রেন দখল রোধে পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর মতে, ড্রেনের দুই পাশে পর্যাপ্ত জায়গা রেখে পাড় তৈরি করা হলে সেখানে মানুষের চলাচলের ব্যবস্থা হবে এবং দখলের সুযোগ কমে আসবে।
এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে শুধু সরকার বা প্রশাসনের ওপর নির্ভর না করে নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ড্রেন ও খাল পরিষ্কার করার পর আবার সেখানে ময়লা ফেলা হলে পরিচ্ছন্নতার উদ্যোগ টেকসই হবে না। খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।
অবৈধভাবে দখল করা জায়গা ছেড়ে দেওয়ার পাশাপাশি খাল ও ড্রেনের জায়গায় নতুন করে দোকানপাট না বসানোর জন্যও তিনি আহ্বান জানান।
মাদক নিয়ন্ত্রণে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান আবদুস সালাম। ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে ডিএসসিসির প্রশাসক বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু গাছ লাগালেই হবে না; রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এ সময় ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।