রাজধানীর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়। আদেশে সই করেছেন ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী।
আদেশ অনুযায়ী, দাউদ হোসেনকে গুলশান থানা থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার দুপুরে গুলশান এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনার পরই গুলশান থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি সামনে আসে।
মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর পর্যন্ত মামলাটিতে ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।