রাজধানীর লালমাটিয়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে আজিজুল হককে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটকের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটকের সময় ধস্তাধস্তির ঘটনায় আজিজুল হক আঘাত পান। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় পরে পুলিশি পাহারায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি হৃদ্রোগে আক্রান্ত বলে জানা গেছে।
৬৯ বছর বয়সী আজিজুল হক পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ওই আসন থেকে নির্বাচিত হন। তাঁর বাড়ি পাবনার আমিনপুর উপজেলার নাটিয়াবাড়ী এলাকায়।