মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> হাসিনার জন্য রাষ্ট্রীয় বিমান চাওয়ার দাবি উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর

>> নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

>> বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

>> গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ

>> বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, চাইলেন রাষ্ট্রীয় উড়োজাহাজ

>> ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, দিল্লি থেকে উড়োজাহাজ চেয়েছেন

>> গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

>> গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

>> ‘প্রয়োজনে কফিন খুলে পরীক্ষা করব’—সীমান্তে বিজিবি সদস্যের বক্তব্যের ভিডিও ভাইরাল

আপনি পড়ছেন : গাজীপুর

নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


Sifat Islam Sohag ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৮



নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


গাজীপুরের কোনাবাড়ীতে এক নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইসলাম গার্মেন্টস ও রিপন নীট ওয়্যার লিমিটেডের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। পরে তাঁরা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনার পর আশপাশের প্রায় আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, সকালে ইসলাম গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। শ্রমিকদের অভিযোগ, কারখানার কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ওই নারী শ্রমিককে মারধর করেছেন। এতে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে ওই নারী শ্রমিকের বক্তব্য অনুযায়ী, ইসলাম গার্মেন্টস লিমিটেডের ইউনিট-২-এর ইনচার্জ শরিফ, এপিএম নয়ন, তানিয়াসহ কয়েকজন স্টাফ তাঁকে মারধর করেন। তাঁর দাবি, কারখানার গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালান। পরে সহকর্মীরা তাঁকে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে ভর্তি করেন।

কোনাবাড়ী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ওই নারী শ্রমিকের শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিক পরীক্ষায় গুরুতর কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি।

ইসলাম নীট ডিজাইন লিমিটেডের ইউনিট-২-এর এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শ্রমিকের মৃত্যুর খবরটি গুজব। ওই নারী শ্রমিক সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন বলে দাবি করেন তিনি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসাইনও শ্রমিকের মৃত্যুর খবরকে গুজব বলে উল্লেখ করেন। তিনি জানান, সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।