সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> ‘আমার মানিক বেঁচে আছে নাকি মরে গেছে জানি না’

>> সংসদ সদস্য থেকে পুলিশের রিমান্ডে—গাজী নজরুলকে ঘিরে যত ঘটনা

>> জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াত–এবি পার্টির, বিক্ষোভের ঘোষণা ৩ দলের

>> এআই নিয়ে মার্কিন অবস্থানে চীনের আপত্তি কেন

>> জাপানে সেনাপ্রধানের উচ্চপর্যায়ের মতবিনিময়, ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্ব

>> অস্ট্রেলিয়ায় অভিবাসন নীতিতে কড়াকড়ি, বাংলাদেশিদের জন্য নতুন বাস্তবতা

>> অপ্রতিম হত্যার পর আতঙ্কিত অভিভাবকেরা, শিশুর নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

>> দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

>> নারায়ণগঞ্জে লোকালয়ে কুমির, কীভাবে এল জানেন না কেউ

>> ‘বন্ধুর লাশ নিয়ে হাসপাতালে আছি, সে আর ফোন ধরবে না’

আপনি পড়ছেন : বিনোদন

‘পাপ কামিয়েছি’—ভাইরাল বক্তব্যটি নিজের নয়, জানালেন চিত্রনায়িকা পপি


Rabeya ১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:১৫



‘পাপ কামিয়েছি’—ভাইরাল বক্তব্যটি নিজের নয়, জানালেন চিত্রনায়িকা পপি


দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ তবে পপি স্পষ্ট জানিয়েছেন, এমন কোনো কথা তিনি বলেননি।

সম্প্রতি ফেসবুকে পপির নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি তাঁর নজরে এলে তিনি এর প্রতিবাদ করেন এবং জানান, চলচ্চিত্রে কাজ করে তিনি বরং সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি ও দর্শকের ভালোবাসা পেয়েছেন।

পপি বলেন, তাঁর নামে ছড়িয়ে দেওয়া বক্তব্যটি সম্পূর্ণ ভুল। যাচাই না করে কোনো শিল্পীর নামে বক্তব্য প্রচার করা উচিত নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্রে অভিনয় তাঁর কাছে সব সময়ই সম্মানের বিষয় ছিল এবং এই পেশার মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন।

প্রায় তিন দশকের অভিনয়জীবনে দেশের অনেক গুণী শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন পপি। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে তিনি নিজের পরিবারের মতো মনে করেন।

চলচ্চিত্রে কাজ করে পাওয়া অর্থ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেছেন এই অভিনেত্রী। তাঁর মতে, একটি সিনেমা নির্মাণের পেছনে শিল্পী ও কলাকুশলীদের কঠোর পরিশ্রম থাকে। তাই তাঁদের উপার্জনকে ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই।

পপির নামে ছড়িয়ে পড়া বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। পরে বিষয়টি নিয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেন তিনি। ওই পোস্টের আলোচনায় অভিনেতা বাপ্পারাজও মন্তব্য করেন।

তবে তাঁদের প্রতিক্রিয়ায় কষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন পপি। তিনি বলেন, জয় ও বাপ্পারাজের মতো পরিচিত মানুষও তাঁর নামে ছড়িয়ে পড়া বক্তব্য সত্য বলে ধরে নিয়েছেন—এ বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি আহত করেছে।

পপি জানান, পরিবারের জন্য অতীতে তাঁকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। পরিবারকে ঘিরে আগে দেওয়া তাঁর কিছু বক্তব্যকে বর্তমানে ভিন্ন অর্থে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে অভিনয়কে তিনি কখনো পাপ হিসেবে দেখেননি।

তাঁর ভাষায়, অভিনয় ছিল তাঁর পেশা এবং এই পেশার মাধ্যমে তিনি সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন। বর্তমানে চলচ্চিত্রে কাজ না করলেও দীর্ঘ অভিনয়জীবনে পাওয়া তাঁর অর্জন ও সম্মান মুছে যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

শিল্পীদের নিয়ে কোনো মন্তব্য বা বক্তব্য প্রকাশের আগে বিষয়টি যাচাই করার আহ্বান জানিয়েছেন পপি। তাঁর মতে, একজন শিল্পী দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো শিল্পীর নামে বক্তব্য প্রচার করা অনুচিত।

পপি আরও বলেন, চলচ্চিত্রে কাজ না করলেও সিনেমার প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্র অঙ্গন ও এর সঙ্গে যুক্ত মানুষদের নিয়ে অসম্মানজনক কোনো কথা বলতে চান না বলেও জানিয়েছেন তিনি।

ভক্তদের উদ্দেশে পপির অনুরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মনগড়া বক্তব্যের ভিত্তিতে যেন তাঁকে বিচার না করা হয়। তাঁর দাবি, ‘সিনেমায় অভিনয় করে পাপ কামিয়েছি’ বা সেই পাপ ধুয়ে মরতে চান—এ ধরনের কোনো কথা তিনি কখনো বলেননি।