রবিবার, অক্টোবর ১১, ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩

সদ্যপ্রাপ্ত

>> সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

>> দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক মমতা-কেজরিওয়ালসহ একাধিক নেতা

>> সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

>> আইফোনের সূত্র ধরে তাজমিন হত্যা মামলার তদন্ত, গ্রেপ্তার সিএনজিচালক

>> বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি

>> ‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’—ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

>> চাঁদা না দেওয়ায় লেগুনা মালিককে মারধরের অভিযোগ, উল্টো চাঁদাবাজ সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি

>> সীতাকুণ্ডে বিদ্যালয়ের পেছনে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

>> চট্টগ্রাম কাস্টমসে এসি ওমর ফারুক ও আরও সুমন কান্তি বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ

>> ঘুষ ছাড়া মেলে না সেবা, নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ

আপনি পড়ছেন : রাজনীতি

সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!


Sifat Islam Sohag ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:২১



সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে প্রাণিসম্পদ কর্মকর্তা!

সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক পদে নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে। তাঁকে এনসিপির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে বিধিনিষেধ লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। তবে এনসিপির স্থানীয় নেতারা দাবি করেছেন, ভুলবশত কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে।

প্রাপ্ত অনুমোদনপত্র অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য সাত সদস্যের এনসিপির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সফিউল্ল্যাহ জগলুর নাম রয়েছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে অংশগ্রহণ কিংবা সহায়তার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় সরকারি কর্মকর্তার নাম রাজনৈতিক দলের সাংগঠনিক কমিটিতে কীভাবে অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। নামের তালিকা পাওয়ার পর যাচাই-বাছাইয়ে ভুল হয়েছে। সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল বলেন, সফিউল্ল্যাহ জগলু সরকারি চাকরি করেন। তাঁর ভাষ্য, রাজনীতিতে তাঁর মৌন সম্মতি রয়েছে; তবে নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

অন্যদিকে, কমিটিতে নাম অন্তর্ভুক্তির বিষয়ে সফিউল্ল্যাহ জগলুর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে সরকারি বিধিমালা পর্যালোচনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার অবস্থান যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।