ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচ পর্বে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়নি।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে অনুকূল পরিবেশ তৈরি হলে তাঁর দ্বিপক্ষীয় সফরের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
আগামী শনিবার ও রোববার নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এরপর সম্ভাব্য সফর নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা হলেও সফরের তারিখ চূড়ান্ত হয়নি।
এদিকে সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কেও কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা খুবই কম।