সরকারি সেবা নিতে মানুষকে যত কম সরাসরি অফিসে যেতে হবে, দুর্নীতির সুযোগও তত কমবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, ডিজিটাল সেবা বাড়ানো গেলে মানুষের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সেবার মানও উন্নত হবে।
মঙ্গলবার রাজধানীর বনানীর একটি হোটেলে ট্রাস্ট ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের লেনদেন আরও সহজ করতে সেখানে ‘ডায়নামিক বাংলা কিউআর’ সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সরকারি সেবাকে আরও কার্যকর করতে শারীরিক উপস্থিতির প্রয়োজন কমিয়ে ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক ও দেশীয় বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন খাতে যত বেশি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা সম্ভব হবে, ব্যবসায়িক ব্যয় তত কমবে। বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের সক্ষমতা বাড়ানো গেলে ব্যবসায়ীদের হয়রানি ও সেবাপ্রাপ্তিতে বিলম্বও কমানো সম্ভব হবে।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোর্শেদ বলেন, সহজ, দ্রুত ও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করা গেলে মানুষের অংশগ্রহণ বাড়বে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, আত্মকর্মসংস্থানে যুক্ত ব্যক্তি ও তরুণ উদ্যোক্তাদের জন্য পেনশন স্কিমে নিয়মিত অর্থ জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হওয়া জরুরি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহাম্মদ জানান, দেশে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন দ্রুত বাড়ছে। বর্তমানে ব্যাংক, এমএফএস ও এমপিএসপির গ্রাহকেরা মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রায় ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্টে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধের সুযোগ পাচ্ছেন।
তিনি জানান, জুন মাসে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে প্রায় ২৮ কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা ১৩৭ কোটি টাকার বেশি হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তিপর্যায়ের লেনদেনেও বাংলা কিউআর চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সরকারি ইউটিলিটি বিলের কপিতে ডায়নামিক বাংলা কিউআর যুক্ত করার কাজ চলছে। এর মাধ্যমে যেকোনো স্থান থেকে সহজেই বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ করা সম্ভব হবে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সুরক্ষা সেবাতেও বাংলা কিউআর ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সুরাতুজ্জামান বলেন, বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার মডেল অনুসরণ করে সর্বজনীন পেনশন ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে ভবিষ্যতে বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী বলেন, দেশে নগদবিহীন লেনদেন বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে ট্রাস্ট ব্যাংক দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।