হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০। পাশাপাশি নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৭৯।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বয়সভিত্তিক মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, হাম যেকোনো বয়সের মানুষের হতে পারে, তবে শিশুরা এ রোগে তুলনামূলক বেশি আক্রান্ত হয়। চলমান প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে হওয়া মৃত্যুগুলোও পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০।
এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৩৮৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, দুজন সিলেট বিভাগের এবং দুজন বরিশাল বিভাগের বাসিন্দা।