আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সির সঙ্গে লিওনেল মেসির নাম এখন প্রায় অবিচ্ছেদ্য। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবার এই জার্সি পরে মাঠে নামেন মেসি। এরপর দীর্ঘ ১৭ বছরে এই নম্বরের সঙ্গে গড়ে উঠেছে তাঁর এক অনন্য অধ্যায়।
মেসি আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলেছেন ১৭২টি ম্যাচ। তাঁর আগে দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা ও মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরাও এই জার্সি পরেছেন। তবে সময়ের ব্যাপ্তি, সাফল্য ও প্রভাবের বিচারে মেসিই ১০ নম্বরকে সবচেয়ে বেশি উচ্চতায় নিয়ে গেছেন।
আর্জেন্টিনার ফুটবলে ১০ নম্বর জার্সি শুধু একটি নম্বর নয়। সাধারণত দলের সৃজনশীলতা, নেতৃত্ব ও আক্রমণভাগের বড় দায়িত্ব এই জার্সিধারীর ওপর থাকে। তাই মেসির পর এই নম্বরটি কার হাতে উঠবে, তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে।
মেসির ক্যারিয়ারে বিভিন্ন সময়ে তিনি না থাকায় আরও ১৭ জন ফুটবলার আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেছেন। তাঁদের মধ্যে সের্হিও আগুয়েরো সর্বোচ্চ সাতবার এই জার্সি গায়ে তুলেছেন। আনহেল কোরেয়া পরেছেন পাঁচবার। আবার মেসির অনুপস্থিতিতে ২৮টি ম্যাচে জার্সিটি কাউকে দেওয়া হয়নি।
এবার পরিস্থিতি ভিন্ন। মেসি জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দেওয়ায় ১০ নম্বরের স্থায়ী উত্তরসূরি বেছে নেওয়ার প্রশ্ন সামনে এসেছে।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’র আলোচনায় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের নাম এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস গঞ্জালেস।
মেসির উপস্থিতিতে সর্বশেষ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন তরুণ মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। প্রতিভাবান এই খেলোয়াড়কে ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হলেও মেসির পরপরই তাঁর কাঁধে ১০ নম্বরের দায়িত্ব দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। ক্লাব ফুটবলে তিনি ১০ নম্বর জার্সি ব্যবহার করেন। সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ এবং মাঠে খেলা পরিচালনার সক্ষমতার কারণে আর্জেন্টিনার এই গুরুত্বপূর্ণ নম্বরের সঙ্গে তাঁর সামঞ্জস্যও রয়েছে।
আরেকটি সম্ভাবনাময় নাম এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার হয়ে এখনো ১০ নম্বর জার্সি পরেননি তিনি। তবে কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এনজো। আক্রমণ গড়ে তোলার পাশাপাশি খেলার গতি নিয়ন্ত্রণেও তাঁর ভূমিকা রয়েছে।
ভবিষ্যতের কথা বিবেচনায় নিকোলাস পাজকেও আলোচনায় রাখা হচ্ছে। মাত্র ২১ বছর বয়সী এই ফুটবলারের মধ্যে প্রতিভার ছাপ ইতিমধ্যেই দেখা গেছে। ক্লাব ফুটবলে তিনি ১০ নম্বর জার্সি পরেন। তবে জাতীয় দলে তাঁর অভিজ্ঞতা এখনো তুলনামূলকভাবে কম।
লাওতারো মার্তিনেজও সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন। ইন্টার মিলানে ১০ নম্বর জার্সি পরার পাশাপাশি তিনি দলের নেতৃত্বও দেন। গোল করার দক্ষতা ও নেতৃত্বের অভিজ্ঞতা তাঁর বড় শক্তি। তবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এবার কোনো ফরোয়ার্ডের হাতে যাবে কি না, সেটি নিয়েও রয়েছে প্রশ্ন।
শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে যাঁর গায়েই ১০ নম্বর জার্সি উঠুক, তাঁর জন্য দায়িত্বটা হবে বিশাল।
কারণ, এই জার্সির সঙ্গে এখন শুধু আর্জেন্টিনার ফুটবল ইতিহাস নয়, জড়িয়ে আছে মেসির দীর্ঘ ১৭ বছরের স্মৃতি। নতুন খেলোয়াড়কে তাই শুধু একটি নম্বরের দায়িত্ব নয়, মেসির রেখে যাওয়া বিশাল প্রত্যাশার সঙ্গেও লড়তে হবে।
মেসির যুগ শেষ হলেও আর্জেন্টিনার ১০ নম্বরের গল্প থামছে না। বরং শুরু হচ্ছে নতুন এক অধ্যায়।