কথিত বন্দুকযুদ্ধের নামে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধে বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী এসপি আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস পুলিশ ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, নুরুজ্জামান জনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় তার সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় জনির মৃত্যু হয়।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে ছেলের হত্যার বিচার চেয়ে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।