দেশের প্রচলিত আইন ও বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, এর বাইরে অন্য কোনো পদ্ধতি বা অযৌক্তিক শর্তে তাঁর দেশে ফেরার সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির পথেই এগোচ্ছে সরকার। তিনি বিমানে নাকি সীমান্তপথে দেশে ফিরবেন—এ নিয়ে আওয়ামী লীগের নেতারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে মন্তব্য করেন মন্ত্রী। তাঁর দাবি, দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার পক্ষ থেকে এখন পর্যন্ত বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তথ্যমন্ত্রীর অভিযোগ, দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার কৌশল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি গুজব ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা রাজনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সন্ত্রাসী কার্যক্রম।
মন্ত্রী দাবি করেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি এবং ৩৭ বিলিয়ন ডলারের রিজার্ভসহ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, দেশের মানুষের অর্থ লুটপাট ও গণহত্যার অভিযোগে দেশ ছেড়ে যাওয়া ব্যক্তির বক্তব্যের চেয়ে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা সরকারের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার জনগণের কল্যাণ, জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় গুরুত্ব দিচ্ছে।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত বিভিন্ন প্রতিবেদনের বিষয়ে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, দেশটির কিছু গণমাধ্যম ও রাজনৈতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতকে সাম্প্রদায়িক বা হিন্দু-মুসলমান ইস্যু হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তাঁর মতে, এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা নেওয়ার কৌশল।