দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন মৃত্যু ও আক্রান্তের ঘটনাগুলো ঘটেছে।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে। আর বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৯ হাজার ৬২০ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে। সেখানে নতুন করে ৩৪৩ জন ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বাইরে) বিভিন্ন হাসপাতালে ৩২০ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৪৮ জন, বরিশালে ২১২, রাজশাহীতে ২১১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৮৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৩ হাজার ৮৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাস থেকে দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে। এরপর মাসে মাসে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২০ হাজার ৫৩৬ জন। ওই মাসে মৃত্যু হয় ৪৩ জনের।
অন্যদিকে সেপ্টেম্বর মাসে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৪৮ জনের।