ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী তিন মাস দেশব্যাপী চলবে। ঢাকার পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী, সরকারি কর্মকর্তারা, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।