সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন জন্মাষ্টমী উৎসব উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
সভায় জানানো হয়, জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে পিকেট ও টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রোল, রুফটপ পার্টি, মোটরসাইকেল মোবাইল, ডিবি টিম, সাদাপোশাকে গোয়েন্দা সদস্য, সোয়াট, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল এবং ট্রাফিক পুলিশসহ পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন থাকবে।
জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্ধারিত রুট ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নামাজ ও আজানের সময় লাউড স্পিকার বা মাইক ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে। শোভাযাত্রায় নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ এবং ব্যাগ-পোঁটলা নিয়ে অংশ না নেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। জন্মাষ্টমীর দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরতে হবে বলেও সভায় জানানো হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্যাপনের জন্য ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ডিএমপির প্রতিটি বিভাগের উপকমিশনার সংশ্লিষ্ট জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং জন্মাষ্টমী উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক পরিকল্পনাও সভায় উপস্থাপন করা হয়।