মজুরি বৃদ্ধি, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েক দিনের উত্তেজনার পর গাজীপুরের পোশাকশিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ ফিরতে শুরু করেছে। শ্রমিকেরা আবারও নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, কাশিমপুর ও সালনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে ফিরতে দেখা যায়।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে বিজিবির ১২ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং এসআরবির ৮ প্লাটুন রয়েছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া) আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল থেকেই কারখানাগুলোর সামনে শ্রমিকদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেখা গেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর তৎপরতায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।